পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ.এ.এম হৃদয় | ২১:৩৮, মার্চ ০২ ২০২৬ মিনিট

পটুয়াখালীর কলাপাড়ায় রুমানা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকুতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুমানা আক্তার বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার স্বামী রাব্বি হাওলাদার কয়েক দিন পর রাজমিস্ত্রীর কাজ শেষে নিয়ে যাবেন বলে জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুমানা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন শশুর বাড়ির লোকজন। এদিকে রুমানার পরিবার থেকে দাবি করা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন তাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে তার শাশুড়ি ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। নিহত রুমানার বাবার বাড়ি পার্শ্ববর্তী ধূলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নান হাওলাদার। পুলিশ জানায়, ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’