ছেলের মৃত্যুর গুজব শুনে বাবার মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ২০:২৩, ফেব্রুয়ারি ২৩ ২০২৬ মিনিট

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন এক বাবা। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার নিমতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নিমতলা গালিব তেল পাম্পের সামনে আলমসাধু (স্থানীয় স্যালো মেশিন চালিত যানবাহন) চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন চালক ওবায়দুল ইসলাম। এসময় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তবে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকায় রটে যায় যে ওবায়দুল মারা গেছেন। ওবায়দুল চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আলমসাধু গাড়ির চালক ছিলেন। এদিকে ছেলের মৃত্যুর এই ভুল সংবাদ শুনে ওবায়দুলের পিতা রবিউল ইসলাম প্রচণ্ড মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, মৃত্যু সংবাদ শোনার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জানা যায় ওবায়দুল জীবিত আছেন, কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে গেছেন তার বাবা। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধ এবং দায়ী বাসটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।