বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে খালে ফেলে দিল ছাত্রদল নেতা
নিজেস্ব প্রতিবেদক|১৮:৪৭, ফেব্রুয়ারি ২১ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত নগরীর ২৮নং ওয়ার্ডে টং দোকান বসিয়ে চা বিক্রি করতেন আলমগীর হোসেন। বিকালে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক ও নাহিদ সরোয়ার ওই দোকান ভেঙে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আলমগীর ও তার স্ত্রী জানান, সড়কের পাশে ছোট একটি দোকান বসিয়ে চা বিক্রি করেন তারা। শুক্রবার বিকালে ছাত্রদল পরিচয়ে ২০-২৫টি মোটরসাইকেলে এসে ওই দোকান ভেঙে ফেলেন আশিক ও নাহিদ সরোয়ার।
ভুক্তভোগী আরেকজন জানান, বহু বছর যাবত একই স্থানে চা বিক্রি করে আসছিলেন তিনি। তার দোকান ভেঙে দিলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ছাত্রদল নেতার ভয়ে থানায় লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত আশিক হাওলাদার বলেন, এটি সরকারি জায়গা। মাত্র কিছুদিন আগে সিটি করপোরেশন এখান থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে। নির্বাচনের পর এরা আবার খাল দখল করে অবৈধ দোকান বসানো শুরু করেছে। আমি এই ওয়ার্ডের বাসিন্দা হিসেবে অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছি। এটি একটি সড়কের প্রবেশমুখ। এখানে অবৈধ দোকান বসলে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন হবে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।