প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে পিরোজপুরে আহম্মদ সোহেল মনজুর
নিজেস্ব প্রতিবেদক|২১:৫৯, ফেব্রুয়ারি ২০ ২০২৬ মিনিট
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে পৌঁছেছেন। দুদিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সার্কিট হাউজ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
পরে তিনি তার নির্বাচনী এলাকা নেছারাবাদের উদ্দেশে রওনা দেন।
প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
তিনি আরো জানান, সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।