পিরোজপুরে ঢাক-ঢোল বাজিয়ে জমি বুঝে নিল মালিকপক্ষ

নিজেস্ব প্রতিবেদক | ২০:০০, ফেব্রুয়ারি ১৮ ২০২৬ মিনিট

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিন পর ঢাক-ঢোল (ব্যান্ডপার্টি) বাজিয়ে জমি দখল বুঝে নিলেন এমাদুল হক দফাদার ও তার ছেলেরা।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভুক্তভোগী এমাদুল হক দফাদারের ছেলে এনামুল ও স্থানীয়রা জানান, পূর্বপুরুষদের সময় থেকে গ্রামের ছয় কাটা জমি এমাদুল দফাদার ভোগদখল করে আসছিলেন। এনামুল ও তার ভাইয়েরা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা বাদশা মাতুব্বর দলবল নিয়ে ওই জমি দখল করে নেন। বিভিন্ন সময়ে সালিশ বৈঠক হলেও বাদশা মাতুব্বর জমিটি নিজের দখলেই রাখেন। শেষমেশ পূর্বের কাগজপত্র বিবেচনা করে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার সকালে নিজেদের জমির দখল বুঝে নেন এমাদুল হক দফাদার গং। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে দীর্ঘ সময় যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত বাদশা মাতুব্বরকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।