বরিশালে ‎তরুণদের মহৎ উদ্যোগে হাসি ফুটল বেদে পল্লীতে

এ.এ.এম হৃদয় | ১৯:০০, ফেব্রুয়ারি ১৭ ২০২৬ মিনিট

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ডোনার ক্লাব। দেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশাল-এ বেদে পল্লীতে ৩৪টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ‎রমজানের পবিত্রতা ও সংযমের মাসে যখন ধনী-গরিব সবাই মহান আল্লাহর ইবাদতে মশগুল, ঠিক তখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত গড়েছেন সংগঠনটির সদস্যরা। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় বাজারসামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা বেদে পরিবারগুলো। ‎‎স্থানীয় সূত্র জানায়, এই বেদে পল্লীতে বিভিন্ন পেশার মানুষ বসবাস করলেও তারা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সংশ্লিষ্টরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত সারাদেশের বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে। ‎তরুণদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষও। ছাত্রনেতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাদের প্রত্যাশা এই ছোট উদ্যোগ একদিন বড় আন্দোলনে রূপ নেবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। ‎‎সংগঠনের সদস্যরা জানান, এটি কেবল শুরু। তারা আরও বৃহৎ পরিসরে কাজ করতে চান, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তার হাত পৌঁছে দিতে চান। তাদের আহ্বান আসুন, আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই। কারণ মানুষ মানুষের জন্য। ‎মানবিকতা আর ভালোবাসার এই বার্তাই ছড়িয়ে পড়ুক সারাদেশেএই প্রত্যাশা সবার।