ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

এ.এ.এম হৃদয় | ২১:১৯, ফেব্রুয়ারি ১৫ ২০২৬ মিনিট

ভোলার চরফ্যাশনে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা লুটের পর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—নুর করিম, হানিফ ও নাজমুল। অভিযুক্ত নুর করিম একই গ্রামের মৃত আবদুল কাদের মাঝির ছেলে। এই তথ্য নিশ্চিত করেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন ওই গৃহবধূ ব্যাংক থেকে জমি কেনার জন্য ৪ লাখ টাকা তুলে বাড়ি ফেরেন। রাতে সন্তানদের সঙ্গে ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে তিন যুবক ঘরে প্রবেশ করে তার হাত-মুখ বেঁধে ফেলে। তারা ঘর থেকে ৪ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। এরপর শিশু সন্তানদের অস্ত্রের মুখে অন্য কক্ষে আটকে রেখে গৃহবধূকে শয়নকক্ষে অবরুদ্ধ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শিশুদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে গেলে সন্তানরা তাদের মাকে উদ্ধার করে। পরে গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত নুর করিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ওই রাতে আমার দোকান চুরি হয়েছে। ধর্ষণের বিষয়ে কিছু জানি না”। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান জানান, ধর্ষণের শিকার এক নারী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “ভুক্তভোগী নারী তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”