বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয়

এ.এ.এম হৃদয় | ২০:৪০, ফেব্রুয়ারি ১৫ ২০২৬ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার এই কৃতী সন্তান বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এবং সমগ্র বাংলাদেশে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেন। তিনি ভোলা-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। দু'জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই ভোটের ব্যবধান প্রায় ১ লাখ ৭ হাজার ৯১৪। তার এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি চরফ্যাশনের জনগণের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন বলে দাবি করছেন ভোলা-০৪ আসনের বিএনপি'র নেতা-কর্মি ও সমর্থকরা। নয়নের এ জয়ে আনন্দের জোয়ার বইছে এলাকাজুড়ে। নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা ও রাজনৈতিক বিচক্ষনতা বিবেচনা করে তাকে মন্ত্রী পরিষদে স্থান করে দিতে হাই কমান্ডের প্রতি দাবী জানান নেতা-কর্মিরা। বিপুল ভোটে নয়নের জয়ের ব্যাপারে মনপুরা উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন এআসনের মাটি ও মানুষের আপনজন, প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন ভাই। এ অবিস্মরনীয় জয়ে তৃনমূল থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এতে আমরা খুবই আনন্দিত। এবং নয়ন ভাইকে চরফ্যাশন মনপুরাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এদিকে ভোলা জেলার আরেক আসন ভোলা-৩ আসনে বিএনপি'র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও বড় ব্যবধানে জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হক ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট। ব্যবধান ৮৮ হাজার ৬৩৯ ভোট।