বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
নিজেস্ব প্রতিবেদক|২১:২০, ফেব্রুয়ারি ০১ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় এক দাগি সন্ত্রাসী ও তার সহযোগীরা। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘটিত এ নৃশংস হামলার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত দুই ভাই বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৪র্থ তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আহতরা হলেন- নিউ সার্কুলার রোডের বাসিন্দা মৃত রশিদ খানের ছেলে সালাম খান (৬০) ও তার সহোদর মো. সাদেক খান (৫৫)।
ভুক্তভোগী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আসাদুজ্জামান খান পলাশ (৫০) নামের ওই ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরেই একজন ভয়ংকর ও বেপরোয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি এসকান্দার আলী খানের ছেলে। অভিযোগ রয়েছে আইন, আদালত, সালিশ কিংবা পুলিশের সমঝোতা কিছুই মানেন না পলাশ। গায়ের জোর, অস্ত্রের ভয় ও সন্ত্রাসই তার প্রধান হাতিয়ার। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আহত সালাম খান জানান, কয়েক বছর ধরে জমিজমা নিয়ে পলাশের সঙ্গে তাদের মামলা-মোকদ্দমা চলছে। একাধিকবার পুলিশ ও স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা হলেও পলাশ তা অগ্রাহ্য করে আসছেন।
তিনি আরও জানান, পলাশ ২০২৫ সালের ২২ ডিসেম্বর একটি অস্ত্র মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। স¤প্রতি জামিনে মুক্তি পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে হুমকি-ধামকি দিতে থাকেন।
ভুক্তভোগীর অভিযোগ- এরই ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পলাশ তার শ্যালক হাসিব (৩৫), ভাগ্নে সোভন (৩০) ও স্ত্রী ইলা (৪৫)-কে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তার আর্তচিৎকার শুনে ভাই মো. সাদেক খান এগিয়ে এলে তাকেও নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়দের ভাষ্য, হামলার সময় পলাশ ও তার সহযোগীদের তান্ডবে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ এগিয়ে আসার সাহস পায়নি। ঘটনার পর আহতদের স্বজনরা পুলিশকে খবর দিলে শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁদমারী এলাকা থেকে আসাদুজ্জামান খান পলাশ ও তার শ্যালক হাসিবকে আটক করা হয়।
আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বৃদ্ধকে কুপিয়ে জখমের ঘটনায় আসাদুজ্জামান খান পলাশ, হাসিব, সোভন, ইলা ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৭। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পলাশের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের অভিযোগ থাকলেও তার ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তারা এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান খান পলাশের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।