পিরোজপুরে নিখোঁজের দুই সপ্তাহ পর বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৪, জানুয়ারি ০৯ ২০২৬ মিনিট

পিরোজপুরে নিখোঁজের দুই সপ্তাহ পর মারুফ সিকদার (২৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সদর উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী এলাকার শাহেদ সিকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ শিকদার একজন জন্মগত বাকপ্রতিবন্ধী ও পেশায় কৃষক। তার এক স্ত্রী ও দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে রাখা হলেও পরে স্বজনরা এসে শনাক্ত করেন। নিহতের পরিবার জানায়, নিহত মারুফ গত ২৩ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর তার বাবা শাহেদ শিকদার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে বাকপ্রতিবন্ধী এই যুবকের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।