রাজাপুরে মাদ্রাসা সুপার, সহকারী শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৬, ডিসেম্বর ১০ ২০২৫ মিনিট

ঝালকাঠির রাজাপুরে তারাবুনিয়া আমিনা খাতুন দাখিল বালিকা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রুস্তুম আলী ফরাজী, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এবং ম্যানেজিং কমিটির সভাপতি এসাহাক আলী’র অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানায়, ভারপ্রাপ্ত সুপার ও শিক্ষকদের ব্যক্তিগত সুবিদা ও শূন্য পদে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার জন্য গোপনে প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল কুদ্দুস এর আপন ভাইকে মাদ্রাসার সভাপতি বানিয়েছে। মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শূন্যপদে প্রতিষ্ঠানের দপ্তরী মোস্তাফা ফরাজীর ছেলেকে চাকুরী দেয়ার কথা বলে তার থেকে ৪৬ শতাংশ লিখে নেয় মাদ্রাসার সুপার ও সভাপতি। জমি নেয়ার পরে তাকে চাকুরী না দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে সভাপতির ঘরে বসে রাতের আধারে তার আপন ভাইয়ের ছেলে আবদুল্লাহ’কে নাম মাত্র পরিক্ষা নিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ দিয়েছে। এখন দপ্তরী মোস্তাফা ফরাজীর জমি কিংবা টাকা কোনটাই ফেরৎ দিচ্ছেন না মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতি। মাদ্রাসায় ১৫ থেকে ২০ জন ছাড়া কোনো ছাত্র ছাত্রী নেই, শিক্ষক কর্মচারীরাও ঠিকমত মাদ্রাসায় আসেন না। মাদ্রাসার শিক্ষক ফারজানা বরিশালের স্থায়ী বাসিন্দা।তিনি নিয়মিত মাদ্রাসায় আসেন না। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও শিক্ষক কুদ্দুসকে ফারজানার বেতন থেকে কিছু অংশ দিয়ে ম্যানেজ করে নেয়। এ সময় বক্তারা মাদ্রাসার দূর্নীতিবাজ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুস্তুম আলী ফরাজী,সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এবং ম্যানেজিং কমিটির সভাপতি এসাহাক আলীর অপসারণের দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুজ্জামান,মোস্তফা ফরাজী,আজিজ ও জুয়েল।