বরিশাল
সাবেক স্বামীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে স্কুলশিক্ষিকা গ্রেপ্তার
বিচ্ছেদের পরও সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্বামীর করা সাইবার আইনের মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বরিশাল নগরীর দুর্গাবাড়ি পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপপরিদর্শক নিবাস চন্দ্র মিস্ত্রি।
গ্রেপ্তার ওই নারী ঝালকাঠির নলছিটি উপজেলার কাণ্ডপাশা গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বন্দর থানার উপপরিদর্শক নিবাস চন্দ্র মিস্ত্রি জানান, সাবেক স্বামীর করা সাইবার আইনের মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বকশি মো. হারুন জানান, সাইবার আইনের মামলার আসামি হিসেবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে ভুক্তভোগী দাবি করেন, বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী তার ব্যক্তিগত ছবি, ভিডিও ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে বিব্রত ও হয়রানি করে আসছিলেন।
মিজানুর রহমানের অভিযোগ, নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিচ্ছেদের পর তার কাছ থেকে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায় করেন তার সাবেক স্ত্রী। এ নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও হয়রানি বন্ধ হয়নি। বরং বিভিন্ন মাধ্যমে তার আপত্তিকর ছবি ও ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়।
এ ঘটনায় গত ৩১ আগস্ট বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন মিজানুর রহমান। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানা মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



