ঝালকাঠি
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালি চলাকালে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এ কার্যক্রমে অংশ নিতে হবে।



