ঝালকাঠি
২,৫০০ টাকা জরিমানার প্রতিবাদে ঝালকাঠিতে অটোচালকদের সড়ক অবরোধ
ট্রাফিক আইনে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালক ও শ্রমিকরা। এতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ অবরোধ শুরু হয়। অটো শ্রমিক দলের সভাপতি আলম হোসেনের নেতৃত্বে অটোরিকশাচালকরা এতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের দায়ের করা মামলায় ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। স্বল্প আয়ের অটোরিকশাচালকদের পক্ষে এ ধরনের জরিমানা পরিশোধ করা কঠিন। তাই জরিমানার পরিমাণ কমানোসহ বিষয়টি বিবেচনার দাবি জানান তারা।
তবে ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বলেন, সরকার নির্ধারিত আইন ও জরিমানার বিধান অনুযায়ীই মামলা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে কোনো চালককে লক্ষ্য করে জরিমানা করা হচ্ছে না।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর। তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



