বরিশাল
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
তাদের মুখে শোনা যায় ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসছে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি দেখা গেছে।
মিছিলটির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম, শৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানা ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



