বরিশাল
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও বলগেট জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু বোঝাই অবস্থায় দুটি লোড ড্রেজার ও একটি বাল্কহেড (বলগেট) জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়নের বাতাসপুর গ্রামসংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীতে চলমান অবস্থায় বালু বোঝাই দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা নৌযানগুলোর মধ্যে ‘শাহিন-১’ বডিসহ ‘মোল্লা’ লোড ড্রেজার এবং ‘মায়ের দোয়া’ লোড ড্রেজার রয়েছে বলে জানা গেছে। পরে জব্দ করা নৌযানগুলো উপজেলার বিশারীকাঠি পল্টন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক করা আরও একটি ড্রেজার রয়েছে। বর্তমানে জব্দ করা ড্রেজার ও বলগেটগুলো পুলিশ পাহারায় রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। স্থানীয় সূত্রের দাবি, এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত। তাদের মধ্যে গ্রাম পুলিশ আসলাম চৌকিদার, যুবদল নেতা রিয়াজ আকন, রিয়াজ খান এবং বাদশা চৌকিদারের ছেলে মমিনুর খান শাহিনের নাম স্থানীয়ভাবে উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, “গতকাল রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলমান দুটি লোড ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী, পরিবেশ, ফসলি জমি ও নদী তীরবর্তী মানুষের বসতবাড়ি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জব্দ করা নৌযানগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


