বরিশাল
সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক : হামলায় আহত শ্রমিকদের চিকিৎসা ও থ্রি-হুইলার চলাচলের বিষয়ে ব্যবস্থার আশ্বাসে বরিশালে মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে বাস শ্রমিকরা। বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস এবং থ্রি-হুইলার শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে বৈঠক হবে। বৈঠকে দ্বন্দ্ব নিরসনে স্থায়ী সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশাল-ঢাকাসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত যানজট ছিল বরিশাল-ঢাকা মহাসড়কে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন জানান, বিভাগীয় কমিশনার নিজে নথুল্লাবাদে এসেছিলেন। তাছাড়া জেলা প্রশাসকের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। তাদের আশ্বাস এবং যাত্রীদের ভোগান্তির কথা ভেবে অবরোধ তুলে নেয়া হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে যত্রতত্র থ্রি-হুইলার চলাচলের বিষয়ে সিদ্ধান্ত এবং হামলায় আহত শ্রমিকদের চিকিৎসাসহ বিচারের আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা অবরোধ তুলে নিয়েছি।
এর আগে মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুরে বাস শ্রমিকদের ওপর মাহেন্দ্রা শ্রমিকদের হামলার প্রতিবাদে দুপুর ১টার দিকে মহাসড়ক অবরোধ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের শ্রমিকরা। এ সময় তারা রাস্তার ওপর বাস আড়াআড়ি করে অবরোধ সৃষ্টি করেন। ফলে বরিশালের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এর আগে মাহেন্দ্র শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে গত সোমবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল বাস শ্রমিকরা।



