বোরহানউদ্দিন
নৈতিক স্খলন
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ভোলার বোরহানউদ্দিনে এক যুবককে নির্জন স্থানে নিয়ে মারধর, নৈতিক স্খলন এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগের পর টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- টবগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহ-দপ্তর সম্পাদক মো. ইমন হাওলাদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পলিন ও ইমনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী মো. আল মামুন মিঠু অভিযোগ করেন, গত ১৫ আগস্ট জন্মদিনের দাওয়াতের কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় নগদ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের অর্থ ও স্বর্ণের চেইন নেওয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান পলিন ও ইমন হাওলাদার বলেন, ‘তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’। তারা দাবি করেন, তারা কোনো টাকা-পয়সা নেননি।’
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন, সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



