ঝালকাঠি
ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ
ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে যায়। পরে দুপুরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



