বরিশাল
বরিশালের নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্বজনদের বরাতে ওসি অসীম কুমার সিকদার জানান, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে সবুজ হাওলাদার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি। শনিবার ভোর ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা কড়ইতলা নদীর রাজারহাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



