বরিশাল
বরিশাল নৌ রুটে শুরু হচ্ছে লঞ্চ চলাচল
ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুই দিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রাতেই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে। নৌযান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
লঞ্চ কর্তৃপক্ষ ও নদীবন্দর সূত্র জানায়, আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে মানামি, পারাবত-১৮, কুয়াকাটা-২ ও শুভরাজ-৯ লঞ্চ ছেড়ে আসবে।
অন্যদিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আজ পারাবত-১১, সুরভী-৭, পারাবত-১২ ও এম খান-৭ লঞ্চ ছেড়ে যাচ্ছে।
এ ছাড়া ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি রুটে চলাচল করছে এমভি ফারহান-৭।
পাশাপাশি ঝালকাঠি-বরিশাল-চাঁদপুর-ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে এমভি সুন্দরবন-১২। এর আগে ঘন কুয়াশার কারণে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়।
এর মধ্যে চারটি ছিল সরাসরি ঢাকাগামী এবং একটি ভায়া পথে চলাচলকারী লঞ্চ। সে সময় যাত্রীদের নামিয়ে দিয়ে যাত্রা বাতিলের নির্দেশ দেয় বিআইডব্লিউটিএ।
আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী রবিবার থেকে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক জুলফিকার আলী বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা অফিসের নির্দেশে বরিশাল-ঢাকা রুটের যাত্রা বাতিল করা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ মঙ্গলবার থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।”



