বরিশাল
বরিশালে চুরির দুদিনের মাথায় পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরী থেকে দিনে-দুপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার মাত্র দুদিনের মাথায় টহল পুলিশের তৎপরতায় মোটরসাইকেলটির সন্ধান মেলে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এর আগে, সোমবার (৯ মার্চ) নগরীর নতুন বাজার এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের বাসিন্দা মাহমুদুর রহমান তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড ভার্সন-২ (বরিশাল মেট্রো-ল-১১-৪১৫৬) মডেলের মোটরসাইকেলটি নিজ বাসার নিচে রাস্তার ওপর রেখেছিলেন। বিকেল ৫টার দিকে অজ্ঞাত চোর চক্র তালা ভেঙে বাইকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী মাহমুদুর রহমান কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতা শুরু হয়। পরবর্তীতে টহল পুলিশ অভিযান চালিয়ে নগরীর নতুন বাজার এলাকার রাস্তার পাশ থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, এটিই মাহমুদুর রহমানের চুরি হওয়া সেই বাইক।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও চোর চক্রের সদস্যদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’



