পিরোজপুর
পিরোজপুর জেলা হাসপাতালে ফের চুরি
পিরোজপুর জেলা হাসপাতালে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার প্রশাসনিক ভবনের সিঁড়ির সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাত চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। শুক্রবার (৬ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান, প্রশাসনিক ভবনের সিঁড়ির দ্বিতীয় অংশের সাতটি ধাপের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাতগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, আমরা সকালে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত হাজার টাকা।
জেলা হাসপাতালে চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও হাসপাতালের গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল।



