পটুয়াখালী
বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক স্বামী-স্ত্রী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বাউফল সেনা ক্যাম্প সূত্রে জানাযায়, তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পঞ্চায়েত বাড়ীর এলাকার একটি বাড়ি থেকে মাদক ব্যবসায়ী মোঃ রিপন খাঁন (৩৫) ও তার স্ত্রী মোসাঃ মিনারা বেগমকে (৩৩) হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামাদি ১০ প্যাকেট এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত ও আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
অভিযানের পর আটককৃত দুইজন এবং উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান,আটককৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী’র বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


