বরিশাল
খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা অসম্ভব: রহমাতুল্লাহ
খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস কখনোই রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মক্রমপ্রতাপ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র রক্ষায় তার আপোশহীন ভূমিকার কারণেই তাকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস লেখা অসম্ভব।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে বারবার নিশ্চিহ্ন করতে যে অপশক্তি চেষ্টা চালিয়েছে, তারাই আজ বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু জীবিত অবস্থার চেয়েও আজ প্রয়াত খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের কাছে আরও বেশি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে ইতিহাস থেকে কেউ কখনো মুছে ফেলতে পারবে না। স্মরণসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।’


